নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনিরুজ্জামান ওরফে টিটু বরিশালের বানারীপাড়া উপজেলার ধারালিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ঢাকা মহানগরীর কাফরুল থানার মাদক মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত মনিরুজ্জামানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মামলা নং-৫৭(৮)১৫ এবং বিশেষ মামলা নং-২২৪/১৫-এর ওই মামলায় সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে থাকতে মনিরুজ্জামান অত্যন্ত কৌশলে জাতীয় পরিচয়পত্রের নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র্যাব-৮ ও র্যাব-১১-এর যৌথ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর মনিরুজ্জামান ওরফে টিটুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
