নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে যৌথভাবে ক্রয় করা ২৮ শতাংশ সম্পত্তির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাকাই বাজারের সুইচগেট সংলগ্ন রাস্তার পূর্ব পাশে ব্যক্তি মালিকানাধীন দলিলের ২৮ শতাংশ জমি বাঁকাই বাজারের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মাওলানা দেলোয়ার হোসেন ও সিঙ্গাপুর প্রবাসী মো হাফিজ শেখ যৌথভাবে ক্রয় করেন। তবে জমির স্থায়ী বণ্টন সম্পন্ন হওয়ার আগেই হাফিজুল ইসলাম সেখানে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পাশাপাশি মূল ঘরের পেছনে একটি আধাপাকা টয়লেট স্থাপন এবং ঘরের সঙ্গে একটি টিনের অস্থায়ী বারান্দা যুক্ত করেন।
পরবর্তীতে জমির স্থায়ীভাবে সীমানা নির্ধারণ ও ভাগাভাগি নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি শালিশ অনুষ্ঠিত হয়। শালিশের ফয়সালা মোতাবেক টয়লেট ও টিনের অস্থায়ী টিনের বারান্দার কিছু অংশ মাওলানা দেলোয়ার হোসেনের দাবিকৃত অংশ পড়েছে বলে দাবী করেন মাওলানা দেলোয়ার হোসেন।
মাওলানা দেলোয়ার হোসেনের বলেন, শালিশের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়ে তিনি তার সম্পত্তি বুঝে নেয়ার জন্য একাধিকবার ক্রয় সূত্রে অপর অংশীদার মো হাফিজ শেখ কে অস্থায়ী বারান্দা ও টয়লেট সরানোর জন্য অনুরোধ করলেও হাফিজ শেখ অস্থায়ী বারান্দা ও টয়লেট অপসারণ করেন নি। পরবর্তীতে গত রবিবার (৫ জুন) সকালে মাওলানা দেলোয়ার হোসেন স্থানীয় লোকজনের উপস্থিতিতে টিনের অস্থায়ী বারান্দা ও টয়লেট অপসারণ করে শালীশের সিদ্ধান্ত মোতাবেক নিজের দাবি করা অংশে নেট দিয়ে সীমানা নির্ধারণ করেন।
অন্যদিকে হাফিজুল ইসলাম অভিযোগ করেন, ভোর রাতে তার নির্মিত ঘরে ভাঙচুর চালানো হয়েছে। এ ঘটনায় তিনি গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব তারিক হাসান রাসেল জানান, ঘটনাটি নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
