ঢাকা মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ৭, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মাঝে সরকারি বরাদ্দের ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে ঢেউটিন ও আর্থিক অনুদানের চেক তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র বিশ্বাস, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সোহরাওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহীর সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির,সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন,খানজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদ শিকদারসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ইউএনও মো. ইব্রাহিম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত তাদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারে, সে লক্ষ্যেই এই সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন এ সুবিধা পান, সে বিষয়েও উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র বিশ্বাস জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী উপজেলার ৪৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে এক বান্ডিল করে ঢেউটিন এবং বসতঘর নির্মাণে সহায়তার জন্য ৩ হাজার টাকা করে নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।”
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সরকারি সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় সহায়তা পাওয়া পরিবারগুলো সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ উদ্যোগকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।