রিয়াজ পাটওয়ারী ।।দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বরিশালে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠন। রাজনৈতিক কর্মসূচির নামে নাশকতা, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজপথে সক্রিয় রয়েছেন দলটির নেতাকর্মীরা। মহানগর থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত বিভিন্ন ইউনিটের ধারাবাহিক কর্মসূচিতে দলটির সাংগঠনিক তৎপরতা দৃশ্যমান হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সাংগঠনিকভাবে সতর্ক থাকা প্রয়োজন। তবে রাজনৈতিক কর্মসূচির কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের চলাচল যেন ব্যাহত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, পরিস্থিতি বিবেচনায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, জনবহুল এলাকা এবং যোগাযোগব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত রাখার বিষয়ে আলোচনা চলছে। সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সাংগঠনিক সমন্বয়, কর্মসূচির পরিধি এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের দায়িত্ব নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষ করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি ও সাংগঠনিক যোগাযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। তবে নির্দিষ্ট স্থানে অবস্থান কর্মসূচি এবং এর সময়সূচি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে মনে করেন নগরবাসী।
বরিশাল বিএনপির সাম্প্রতিক কর্মসূচিতে শুধু মহানগর বিএনপি নয়, জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ দেখা গেছে। মহানগরের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের সম্পৃক্ত করার উদ্যোগও দলটির সাংগঠনিক তৎপরতায় নতুন মাত্রা যোগ করেছে।
বিভিন্ন কর্মসূচিতে মিছিল, বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ এবং সাংগঠনিক নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে মাঠপর্যায়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন নেতাকর্মীরা। পাশাপাশি মহানগর ও জেলা পর্যায়ের কর্মসূচির মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় নির্দেশনার পাশাপাশি স্থানীয় নেতৃত্বের সমন্বয় এবং তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ যেকোনো রাজনৈতিক দলের সাংগঠনিক শক্তি ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বরিশাল বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতার ভূমিকা আলোচনায় এসেছে। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের উপস্থিতিও দলীয় কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বের সম্পৃক্ততাকে সামনে এসেছে।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ স্থানীয় নেতারাও এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন। একই সঙ্গে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দলীয় পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সম্মিলিত অংশগ্রহণ বরিশাল বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির নেতাকর্মীরা সংশ্লিষ্ট ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।
তাদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক কর্মসূচির কারণে ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন ও জরুরি সেবার স্বাভাবিক কার্যক্রম বন্ধ বা বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।
সচেতন মহলের মতে, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ ভূমিকা জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পারে।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার জিয়া বলেন- দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে বরিশাল মহানগর ও জেলা পর্যায়ে প্রয়োজনীয় সাংগঠনিক কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে আলোচনা চলছে। পরিস্থিতি অনুযায়ী মিছিল, প্রতিবাদ সমাবেশ, সাংগঠনিক সভা এবং নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়মূলক বৈঠকের আয়োজন করা হতে পারে।
সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে বরিশাল বিএনপির বিভিন্ন ইউনিটের ধারাবাহিক কর্মসূচি স্থানীয় রাজনীতিতে দলটির সাংগঠনিক উপস্থিতিকে নতুন করে সামনে এনেছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা, স্থানীয় নেতাদের সমন্বয় এবং তৃণমূলের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে বরিশাল বিএনপির রাজনৈতিক কর্মসূচি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
