নিজস্ব প্রতিবেদক\\\রাজশাহীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় শুরু হওয়া সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করা হয়। এ সময় জাদুঘর মোড়ের ফুটপাতে থাকা অন্তত ১০টি দোকানে অগ্নিসংযোগ করে ছাত্রদলের নেতা–কর্মীরা।সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক ও যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের নেতা–কর্মীদের হাতে দেশি অস্ত্র এবং পিস্তল হাতে একজনকে গুলি ছুড়তে দেখা যায়।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিনুর রহমান নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা নিয়ে ঘটনার সূত্রপাত। ওই যুবক নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড কমিটির সহসভাপতি বলে দাবি ছাত্রদল নেতা ইমদাদুল হকের। গতকাল রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা সাফায়েত হোসেনের চাচাতো ভাই কৌশিকের সঙ্গে নগরের টিবি পুকুর এলাকার একটি দোকানে বসে ছিলেন শাহিনুর। তখন ইমদাদুল হকের অনুসারী ছাত্রদলের নেতা–কর্মীরা শাহিনুরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর সাফায়েত জাদুঘর মোড়ে ইমদাদুল হকের সঙ্গে দেখা করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহিনুরকে আটক করে পুলিশে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ঘটনার পর তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরাও সংঘর্ষে যোগ দেন। এ ঘটনায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতা সাফায়েত হোসেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই ইমদাদুল হক আওয়ামী লীগের টাকায় রাজনীতি করেন। আমার নামে যে অভিযোগ করা হয়েছে, এটা বানোয়াট, সেখানে আমি ছিলাম না।’ তিনি বলেন, ৫ আগস্ট থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, সেটা ইমদাদুল হকের বাহিনী করেছে। তার একটা ছোটখাটো নমুনা আমরা আজ দেখতে পেয়েছি।’যোগাযোগ করলে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারি আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। পুলিশ শুধু একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে, অন্য কোনো অস্ত্র উদ্ধার হয়নি।নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়ে রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শাহিনুর থানা হেফাজতে আছেন। তাঁর নামে থানায় মামলা আছে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
রাতের সংঘর্ষের ঘটনার পর আজ বুধবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ইমদাদুল হক ও সাফায়েত হোসেন। বিকেলে রাজশাহী কলেজে সংবাদ সম্মেলন করে সাফায়েত হোসেন দাবি করেন, ইমদাদুলের পরিবারেই আওয়ামী লীগ আছে। সেদিকে না তাকিয়ে তিনি সাধারণ মানুষকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ সাজিয়ে মব করে পুলিশে দিচ্ছেন। তাঁর অভিযোগ, প্রথমে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিলে সবকিছু ঠিক থাকে। আর চাঁদা না দিলে পুলিশে দেওয়া হয়।
অন্যদিকে পৃথক সংবাদ সম্মেলনে ইমদাদুল হক দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশি অস্ত্র ও ককটেল নিয়ে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা গুলি ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায়। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘কেউ এ অভিযোগ প্রমাণ করতে পারলে আমি পদত্যাগ করে নিজেকে আইনের কাছে সপে দেব।’
দুই নেতার পদ স্থগিত
এদিকে বিকেলে দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন ও তাঁর অনুসারী আরেক যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেনের পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে।
আজ বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
