ঢাকা বুধবার , ১৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে মান্তা শিশুদের শিক্ষা ব্যবস্থা ও শেষ ঠিকানা জন্য পাশে দাঁড়াল প্রশাসন

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ নদীই যাদের জীবন, নদীর বুকেই যাদের বেড়ে ওঠা, সেই মান্তা সম্প্রদায়ের মানুষের মৃত্যুর পর সম্মানজনক দাফনের ব্যবস্থা এবং নতুন প্রজন্মের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। প্রায় এক একর জমিতে কবরস্থান নির্মাণের পাশাপাশি মান্তা সম্প্রদায়ের শিশুদের লেখাপড়ার জন্য একটি স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) এ কার্যক্রম পরিদর্শনে যান বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় তিনি মান্তা সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জন্য নির্মাণাধীন কবরস্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এ উদ্যোগকে অত্যন্ত ভালো ও মানবিক উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, মান্তা সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ের মধ্যে কবরস্থান নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে মান্তা সম্প্রদায়ের শিশুদের ভবিষ্যৎ নিয়েও নতুন উদ্যোগের কথা জানান বিভাগীয় কমিশনার। তাদের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি স্কুল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। এর মাধ্যমে নদীকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত এই জনগোষ্ঠীর শিশুরা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে।

দীর্ঘদিন ধরে বরিশাল সদর উপজেলার লাহারহাট, চরবাড়িয়া ও আশপাশের নদ-নদীতে নৌকায় বসবাস করে আসছেন মান্তা সম্প্রদায়ের মানুষ। নদীকে ঘিরেই তাদের জীবন-জীবিকা। নদীতে জন্ম, নদীর পানিতে বেড়ে ওঠা আর নদীর বুকেই জীবনের অধিকাংশ সময় কাটে তাদের। কিন্তু মৃত্যুর পর স্বজনদের মরদেহ কোথায় দাফন করবেন, সেই অনিশ্চয়তা দীর্ঘদিন ধরে তাদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

স্থায়ী কবরস্থান না থাকায় মৃত ব্যক্তির মরদেহ দাফন করতে গিয়ে স্বজনদের চরম বিপাকে পড়তে হতো। দীর্ঘদিনের এই দুর্ভোগ বিবেচনায় নিয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানার উদ্যোগে এবং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের সহযোগিতায় সিংহেরকাঠী আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন খাসজমিতে প্রায় এক একর জায়গাজুড়ে কবরস্থান নির্মাণের কার্যক্রম এগিয়ে চলছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, কবরস্থানটি শুধু মান্তা সম্প্রদায়ের জন্য নয়; সমাজের ছিন্নমূল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দাফনের জন্যও ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। ফলে মৃত্যুর পর সম্মানজনক শেষ ঠিকানা নিশ্চিত হওয়ার পাশাপাশি মান্তা সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

কবরস্থান নির্মাণ ও স্কুল প্রতিষ্ঠার এ উদ্যোগকে স্থানীয়ভাবে একটি মানবিক ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে অবহেলিত মান্তা সম্প্রদায়ের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নদীর বুকে যাদের কেটেছে জীবনের অধিকাংশ সময়, তাদের মৃত্যুর পর মিলবে এক টুকরো মাটির ঠিকানা; আর তাদের সন্তানরা পাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ—এমন প্রত্যাশা নিয়ে এগিয়ে চলছে বরিশাল সদর উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।