নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃখাঞ্জাপুরবাসীর অধিকার প্রতিষ্ঠা, মাদকমুক্ত ইউনিয়ন গঠন ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ দেলাওয়ার হোসাইন। বৈঠকে উপস্থিত স্থানীয়রা তাঁকে ভোট দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৫ অক্টোবর) বাদ মাগরিব বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের শুক্রারবাজার-সংলগ্ন হাজী বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবদুল মালেক হাওলাদার।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আবদুস সালাম, শহীদ হাওলাদার, হাফেজ মাওলানা মুফতি আল-আমিন, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ইদ্রিস মাতুব্বর ও মজিবর মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে নিজের নির্বাচনী ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ দেলাওয়ার হোসাইন খাঞ্জাপুরবাসীর অধিকার বাস্তবায়ন, মাদকমুক্ত ইউনিয়ন গঠন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি গরিব-দুঃখী মানুষের প্রাপ্য পাওনা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া এবং ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার করেন।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার রক্ষা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে উপস্থিত স্থানীয়রা তাঁর সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁকে ভোট দেওয়ার আশ্বাস দেন। এ সময় এলাকার উন্নয়ন, জনসেবা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রত্যাশা গুরুত্ব পায়।
মাওলানা মোঃ দেলাওয়ার হোসাইনের ঘোষিত ইশতেহারে অধিকার প্রতিষ্ঠা, মাদক প্রতিরোধ, শিক্ষা বিস্তার, দরিদ্র মানুষের প্রাপ্য নিশ্চিতকরণ, দুর্নীতি প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। নির্বাচিত হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নই হবে তাঁর সামনে বড় দায়িত্ব।
