ঢাকা রবিবার , ২৮ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জের আলোচিত আব্দুল হালিম হত্যা মামলার আসামি মনসুর ডাকুয়া গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২৮, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর আব্দুল হালিম হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মনসুর ডাকুয়া (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৮ জানায়, রোববার (২৮ জুন) দুপুরে র‌্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে রাজধানীর খিলখেত থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মনসুর ডাকুয়ার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সাহেবপুর এলাকায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মে বিকেল সাড়ে ৩টার দিকে পূর্বশত্রুতার জেরে সাহেবপুরের হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন একটি নির্মাণসামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় অভিযুক্তরা। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থাকা আব্দুল হালিম হাওলাদার হামলায় বাধা দিলে তাকে শাবল, রডসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘদিন আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মনসুর ডাকুয়াকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।