নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) এর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের নাম ও পদবি ব্যবহার করে একটি ভুয়া অটোরিকশা ও সিএনজি ভাড়ার তালিকা সম্বলিত ফটোকার্ড প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত ফটোকার্ডে উল্লেখিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। এসব তথ্যের সঙ্গে বরিশাল সিটি কর্পোরেশনের কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নগরীতে চলাচলকারী হলুদ অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের ভাড়া নির্ধারণ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বরিশাল সিটি কর্পোরেশন নগরবাসীকে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ওপর বিশ্বাস না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে প্রশাসকের নাম ও পদবি ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ তথ্য বরিশাল সিটি কর্পোরেশনের আনুষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হবে এবং নাগরিকদের শুধুমাত্র নির্ভরযোগ্য ও সরকারি সূত্র থেকে তথ্য গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।
