বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কলেজছাত্রের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত শিক্ষার্থীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় স্থানীয় ছাত্রসমাজও তীব্র নিন্দা ও ধিক্কার প্রকাশ করেছে।আহত শিক্ষার্থী মো. মামুন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মালেকের ছোট ভাই এবং ভোলা সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র।পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় মো. রুহুল আমিনের ছেলে মো. শামীম বাড়ই ধারালো অস্ত্র দিয়ে মামুনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কয়েক বছর আগে একটি প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়েছে। পরিবারের দাবি, পুরোনো শত্রুতার প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে মামুনের ওপর হামলা করা হয়েছে।
এ বিষয়ে আহতের ভাই আবদুল মালেক বলেন, আমরা আদালতে মামলা করেছি। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।অন্যদিকে অভিযুক্ত শামীম বাড়ইয়ের বড় ভাই মো. সালাম বাড়ই বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। শুনেছি খেলাধুলা সংক্রান্ত একটি বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এর আগে আমার ভাইয়ের ওপরও দুই দফা হামলার ঘটনা ঘটেছিল। তারপরও এই আঘাতের ঘটনা দুঃখজনক। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা চলছে।ঘটনার বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, ঘটনার পর স্থানীয় ছাত্রসমাজ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি তুলেছে।
