বাবুগঞ্জ প্রতিনিধি:মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার প্রত্যয় নিয়ে বরিশালের বাবুগঞ্জে ‘মাদক হটাও, সমাজ বাঁচাও’ স্লোগানে ক্ষুদ্রকাঠি মাদক বিরোধী সংঘ এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার ক্ষুদ্রকাঠী দিঘিরপাড় (বটতলা) এলাকায় ক্ষুদ্রকাঠী মাদকবিরোধী সংঘের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. আবদুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন সিকদার, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাবুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. করিম হাওলাদার।
ক্ষুদ্রকাঠী বাইতুল আমান জামে মসজিদের সভাপতি আরাফাত হোসেন ফরিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের পক্ষ থেকে সাকিব মল্লিক, রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. আসলাম হোসেন খোকন, মোহাম্মদ আলী আশরাফ সরদার, মো. মিজানুর রহমান আকন ও আবু হানিফ হাওলাদার।
বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ভয়াবহ হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। তরুণদের খেলাধুলা, শিক্ষা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করেন আসাদুজ্জামান আল আমিন খান।
এ সময় স্থানীয় যুবসমাজের মধ্যে উপস্থিত ছিলেন কে এম মামুন, সাখাওয়াত, রাসেল, মিথুন, সোহাগ, তামিম, মোহন, সাওয়ন, আদিব, কামাল, সাকিব, আকাশ, বাবু, শাকিল, সাইফুল, শামীম, নাইম, লিমন, পল্লব, জসিম, সালমান ও রুবেল প্রামাণিক। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজ, পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের জাতীয়করণ প্রক্রিয়াকে সামনে রেখে কলেজের সার্বিক কার্যক্রম, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তাঁদের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক সহযোগী অধ্যাপক মো. নাজমুল হাসান পলাশ সহকারী পরিচালক মো. শামীম হোসেন।
কলেজের অধ্যক্ষ আ ন ম আব্দুল হালিমের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি ও শিল্পপতি আবুল কালাম আজাদ, সাবেক অধ্যক্ষ আ. খ. ম. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক গোলাম হোসেন, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. শহীদুল ইসলাম, দাতা সদস্য আরিফুর রহমান শিমুল শিকদার, মো. শামসুল আলম ফকির, অভিভাবক সদস্য মো. হারুন অর রশিদ, মো. এনায়েত সিকদার ও মো. আজিজুল হক।
সভায় কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং জাতীয়করণ-সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পায়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জাতীয়করণের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হলে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাবুগঞ্জসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের জাতীয়করণ প্রক্রিয়ার অগ্রগতির ক্ষেত্রে এ পরিদর্শন ও মতবিনিময় সভাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কলেজ-সংশ্লিষ্টরা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি এলাকার উচ্চশিক্ষা বিস্তারে আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁদের।
