নাজমুল হক মুন্না, উজিরপুর,ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এএইচআরডি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বরিশালের উজিরপুরের কৃতী সন্তান প্রকৌশলী মো. মুনিরুজ্জামান নয়ন।
গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত আইইবির নির্বাচনে সভাপতি পদে প্রকৌশলী খান মনজুর মোরশেদ এবং সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে জাতীয়তাবাদী হলুদ প্যানেলের অধিকাংশ প্রার্থী বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন।
নির্বাচিত প্রকৌশলী মো. মুনিরুজ্জামান নয়ন বর্তমানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক (হাইড্রোগ্রাফি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। পাশাপাশি তিনি উজিরপুর আলহাজ্ব বিএন খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।
উজিরপুরের কৃতী সন্তান মুনিরুজ্জামান নয়ন আইইবির গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় উপজেলাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। তাঁর এ বিজয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তাঁর কর্মজীবন ও নতুন দায়িত্বের সফলতা কামনা করেছেন এলাকাবাসী।
