নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি বরিশালের গৌরনদী উপজেলায় দায়িত্ব পালনে গতিশীলতা ও কর্মদক্ষতা বাড়াতে ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের সদস্যদের হাতে সাইকেল ও পোশাক তুলে দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম বলেন, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতার ক্ষেত্রে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও সুবিধা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
