ঢাকা বুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সদর জেনারেল হাসপাতালে সিভিল সার্জনের সফল অভিযান ২ নারী দালাল আটক।

vorer angikar
জানুয়ারি ২৮, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদঃবরিশাল সদর জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী। এরই ধারাবাহিকতায় বুধবার (২৮ জানুয়ারি) সকালে হাসপাতালে ব্যক্তিগত অভিযান চালিয়ে দুই নারী দালালকে আটক করেছেন তিনি।আটককৃতরা হলেন—নগরীর ৪নং ওয়ার্ডের মহাবাজ এলাকার বাসিন্দা ফুলবানু বেগম ও রেশমা আক্তার।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকাল ১১টার দিকে চিকিৎসা নিতে আসা রোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিভিল সার্জন দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের নিয়ে ঝটিকা অভিযান পরিচালনা করেন। এসময় রোগীদের কৌশলে বেসরকারি ক্লিনিকে পাঠানোর চেষ্টাকালে ওই দুই নারীকে হাতেনাতে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, এই চক্রটি সরকারি হাসপাতালে আসা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে এবং নানা প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দালালরা মোটা অঙ্কের কমিশন লাভ করে।
অভিযান প্রসঙ্গে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মলয় কৃষ্ণন বড়াল জানান, দালালরা অত্যন্ত কৌশলী। তারা টিকিট হাতে নিয়ে রোগীর বেশ ধরে হাসপাতালে ঘোরাঘুরি করে যেন তাদের চেনা না যায়। কিন্তু আজ তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর-এ-এলাহী স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, “আমি দালালমুক্ত হাসপাতাল দেখতে চাই। দালালের বিরুদ্ধে আমার অবস্থান ‘জিরো টলারেন্স’। প্রতিদিনের মতো আজও দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে পাঠানো হয়েছে।
সিভিল সার্জনের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা। তারা মনে করছেন, নিয়মিত এমন অভিযান চললে সাধারণ মানুষের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।