নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ কেন্দ্রিয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার বরিশাল জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মচারীরা দাবি করেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন কাঠামোর দাবি উপেক্ষিত হয়ে আসছে।
বক্তারা বলেন, পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। ২০১৫ সালের পে-স্কেলের বেতন দিয়ে বর্তমান বাজারমূল্যের সঙ্গে তাল মিলিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অথচ সরকারের নীতিনির্ধারকদের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে না।
তারা আরও বলেন, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে টালবাহানা না করে অনতিবিলম্বে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং জানুয়ারি ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার জোর দাবি জানান কর্মচারীরা।
