ঢাকা বুধবার , ২৫ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় বিএনপির আরও ছয় নেতার পদত্যাগের ঘোষণা

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২৫, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদ থেকে তাঁরা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির ওই ছয় নেতা। তাঁরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ–কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ অবস্থায় দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ–পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন না বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন ওই ছয় নেতা।ছয় নেতার পদত্যাগের বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। মুঠোফোনে সাড়া দেননি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুও।লগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) আগুন এবং পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। এসব নাশকতার পর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়ি।এসব ঘটনায় বিএনপি ও প্রশাসনকে অনেকটা নীরব থাকতে দেখা গেছে। ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতা–কর্মী সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন করে ছয় নেতার পদত্যাগের ঘোষণায় উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের পদত্যাগের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আজ টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়ে আমার জানা নেই। তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে লোকমুখে শুনেছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।