ঢাকা শনিবার , ২১ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

টানা তৃতীয়বারের মতো গৌরনদী উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত মাওলানা আল আমিন

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২১, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃবাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদী উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের (আগামী দুই বছর মেয়াদী) নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আল আমিন। উপজেলার ১৭৭ জন রুকনের প্রত্যক্ষ ভোটে টানা তৃতীয়বারের মতো তিনি এই দায়িত্ব পেলেন।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টায় গৌরনদীর আল হেলাল মাদ্রাসার হলরুমে আয়োজিত এক সম্মেলনে সংগঠনের গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত বরিশাল জেলা জামায়াতের আমীর ড. এস এম মাহফুজুর রহমান রুকনদের সরাসরি ভোটের ফলাফলের ভিত্তিতে মাওলানা আল আমিনের নাম আমির হিসেবে ঘোষণা করেন।
মাওলানা আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যাপক আব্দুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. এস এম মাহফুজুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা হাফেজুর রহমান এবং উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পুরুষ ও মহিলা রুকনরা সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী দুই বছরে গৌরনদী উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে রুকনরা পুনরায় তাঁর ওপর আস্থা রেখেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় দ্বীনি ও সাংগঠনিক কাজে সক্রিয় থাকায় স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি বেশ পরিচিত ও গ্রহণযোগ্য। তাঁর নেতৃত্বে উপজেলায় সংগঠনের ভিত্তি আরও মজবুত হওয়ার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
নাম ঘোষণার পরপরই উপজেলা জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে নবনির্বাচিত আমীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাওলানা আল আমিন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।