ঢাকা শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন ৭ দিনের রিমান্ডে

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিন আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মধ্যে দোলনের সাত দিন এবং অপর দুই আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে
শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ডপ্রাপ্ত অপর আসামি হলেন ছোটপর্দার অভিনেতা মো. আরিফ মাহমুদ তমাল। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ২২ মে ধানমন্ডির ৩২ নম্বর সেতুর উত্তর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিতে জড়ো হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় কয়েকজনকে আটক করা হয়।
তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। এ ছাড়া মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে বলেও দাবি পুলিশের।
পুলিশের দাবি, আসামিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ব্যক্তিদের পরিচয় ও অবস্থান, অর্থের উৎস এবং অস্ত্র ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করা প্রয়োজন। একই সঙ্গে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থ ও অস্ত্র উদ্ধার এবং অন্য জড়িতদের গ্রেপ্তারের জন্য রিমান্ড চাওয়া হয়।মামলাটি ২০১৬ সালের ২৩ মে ধানমন্ডি থানায় দায়ের করা হয় বলে পুলিশি আবেদনে উল্লেখ করা হয়েছে। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।