ঢাকা রবিবার , ৩০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

১০ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ৩০, ২০২৬ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১০ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২১ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোলাইমান হাওলাদারের (৪১)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ও র‍্যাব-২-এর যৌথ আভিযানিক দল।
রোববার (৩০ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার সোলাইমান হাওলাদার বরিশালের মুলাদী উপজেলার জালালাবাদ লক্ষীপুর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।
র‍্যাব সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর হাজারীবাগ থানায় ২০১৬ সালে অস্ত্র আইনে সোলাইমান হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। মামলাটির নম্বর ১৮(০৯)১৬ এবং মেট্রো বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ৭৪/১৭। মামলায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ)/(এফ) ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
পরবর্তীতে মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলে আদালত সোলাইমান হাওলাদারকে ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন। তবে সাজা হওয়ার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানা বরিশালের মুলাদী থানায় পাঠানো হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‍্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮, সদর কোম্পানি বরিশাল ও র‍্যাব-২, সিপিএসসি বসিলা, মোহাম্মদপুরের যৌথ দল গোয়েন্দা নজরদারি শুরু করে।
গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোলাইমানের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সোলাইমান হাওলাদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।