ঢাকা শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে গর্ভবতী গরু জ/বা/ই/য়ের অভিযোগ, খালে মিলল মৃ/ত বাছুর

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে গর্ভবতী গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় জবাইয়ের স্থানের পাশের খালে একটি মৃত বাছুর পাওয়া যায়। পরে দোকানের ডিপ ফ্রিজে সংরক্ষিত গরুর কিছু মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টরকী বাসস্ট্যান্ডের মাংস বিক্রেতা ফিরোজ হাওলাদারের দোকানে গর্ভবতী গরু জবাই করা হচ্ছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। অভিযানকালে গরু জবাইয়ের স্থানের পাশের খালে একটি মৃত বাছুর দেখতে পাওয়া যায়।

তাঁদের দাবি, প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাংস ব্যবসায়ী ফিরোজ হাওলাদার ও তাঁর ছেলে সোহেল হাওলাদার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে প্রশাসনের কর্মকর্তারা তাঁদের একাধিকবার ফোন করলেও তাঁরা আর দোকানে ফিরে আসেননি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, মাংসের দোকানের ডিপ ফ্রিজে জবাই করা গরুর কিছু সংরক্ষিত মাংস জব্দ করা হয়েছে। পরে সেগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়।

তিনি আরও জানান, অভিযানের আগেই সংশ্লিষ্ট ব্যবসায়ী পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহমুদুল হাসান ফরিদ এবং গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিক হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।