ঢাকা মঙ্গলবার , ২৬ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪

vorer angikar
মে ২৬, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-উজিরপুর উপজেলার ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম ও শিশু কন্যা জান্নাত। একই দিন ও আগের রাতে মহাসড়কের পৃথক আরও দুটি দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল হাকিম হাওলাদের ছেলে ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখা হলে পেছন থেকে বরিশালগামী তাজ পরিবহনের একটি বাস স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে চালক ও হেলপার পালিয়ে যায়। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এর আগে মঙ্গলবার সকালে বার্থী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী “দশমিনা এক্সপ্রেস” (ঢাকা মেট্রো-ব-১২-৩৪৪৬) নামের একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে চাপা দিলে দুর্ঘটনা ঘটে। এতে সেন্টু বেপারি, সান্টু হাওলাদার ও মজিবর শিকদার আহত হন।
অপরদিকে, সোমবার সন্ধ্যায় মদিনা স্ট্যান্ড এলাকায় বরিশালগামী একটি মোটরসাইকেলকে অজ্ঞাত একটি পরিবহন চাপা দিলে জসিম মৃধা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তিনি ঝালকাঠি জেলার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল মদিনা স্ট্যান্ডের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত তাজ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত গতি ও অসতর্কতাকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।