উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর পৌরসভা এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।জানা যায়, গত ১৭ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উজিরপুর পৌরসভা ১নং ওয়ার্ডের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হাওলাদারের মুদি ও মনোহারী দোকানে হঠাৎ আগুন লাগে। বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে উঠে তিনি দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পান। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।
স্থানীয়দের প্রাণপণ চেষ্টার পরও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানের ভেতরে থাকা মালামালসহ পুরো ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে সবকিছু ভস্মীভূত হয়ে পড়ে।ভুক্তভোগী ব্যবসায়ী ইকবাল হাওলাদার জানান, আগুনে তার প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ঘটনার দিনই উজিরপুর মডেল থানা-এ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ঘটনা তদন্তে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
