ঢাকা মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

টেলিগ্রামভিত্তিক পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্য: ভোলা থেকে চক্রের ৫ সদস্য গ্রেফতার

vorer angikar
এপ্রিল ২৮, ২০২৬ ১০:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল: টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে পর্নোগ্রাফি কনটেন্ট বাণিজ্যে জড়িত একটি সংঘবদ্ধ সাইবার অপরাধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)।
র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন গণমাধ্যমে টেলিগ্রামের অপব্যবহার, সাইবার ব্ল্যাকমেল এবং গোপন কনটেন্ট বাণিজ্য নিয়ে সংবাদ প্রকাশের পর তারা বিষয়টি নিয়ে গোয়েন্দা নজরদারি বাড়ায়। অনুসন্ধানে একটি সংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়, যারা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত।
তদন্তে জানা গেছে, চক্রটি মূলত টেলিগ্রামের বিভিন্ন প্রাইভেট গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও সরবরাহ করত। তারা ফেসবুক বা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং, সম্পর্ক বিচ্ছেদের পর প্রাক্তন প্রেমিকদের কাছ থেকে কনটেন্ট সংগ্রহ, কিংবা ব্যক্তিগত শত্রুতার সুযোগ নিয়ে গোপন ছবি-ভিডিও সংগ্রহ করে তা বাণিজ্যিকভাবে ব্যবহার করত। তাদের ব্যবহৃত ডিভাইস থেকে প্রায় দেড় লক্ষ স্পর্শকাতর ছবি-ভিডিও এবং প্রায় ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে।
এই তথ্যের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ২০২৬ রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৮ চক্রটির পাঁচ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন অন্তর (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম মাহি (১৯) এবং মো. হাসিব (২৩)। এ সময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‍্যাব জানিয়েছে, আইনের শাসন রক্ষা, মানবাধিকার সুরক্ষা এবং সাইবার অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।