ঢাকা মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আশোকাঠীতে সড়ক নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

vorer angikar
এপ্রিল ২১, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় সড়ক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এ এলাকায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটলেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। এতে রাজনৈতিক ব্যক্তি, শিক্ষার্থীসহ স্থানীয় জনতার উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রীরা।

স্থানীয়দের ভাষ্য, আশোকাঠী এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকায় প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনদের যাতায়াত রয়েছে। পাশাপাশি গৌরনদী সদরের নিকটবর্তী হওয়ায় স্কুল, কলেজ, মাদরাসা ও বিভিন্ন অফিসে যাতায়াতের জন্য এ সড়ক ব্যবহার করতে হয়। কিন্তু নিরাপদ পারাপারের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য রাস্তা পারাপার এক ধরনের আতঙ্কে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন তারা। এতে রোগী ও স্বজনদেরও চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

এ অবস্থায় দ্রুত একটি ফুটওভার ব্রিজ ও স্পিডব্রেকার নির্মাণের জোর দাবি জানান স্থানীয়রা। তাদের মতে, এসব অবকাঠামো নির্মাণই সড়ক নিরাপত্তা নিশ্চিতের কার্যকর উপায়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং যুবদল নেতা এনামুল হকসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

পরে খবর পেয়ে গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী তিন দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।