বাবুগঞ্জ প্রতিবেদক ।।
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ জয়নুল আবেদীন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বাবুগঞ্জ কলেজ গেট সংলগ্ন ফায়ার সার্ভিস অফিসের সামনে লাকুটিয়া–বাবুগঞ্জ সড়কের উন্নয়ন ও প্রশস্তকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সড়কটির উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের যাতায়াত হবে সহজ, দ্রুত ও নিরাপদ। পাশাপাশি কৃষি ও ব্যবসায়িক পণ্য পরিবহনেও গতি আসবে, যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
বরিশাল বিভাগের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে “বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প (BDIRWSP)” এর আওতায় লাকুটিয়া বাজার থেকে বাবুগঞ্জ হাট পর্যন্ত এ সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়। বাবুগঞ্জ উপজেলার আওতাধীন এই সড়কটির চেইনেজ ০.০০ মিটার থেকে ৫৮০৫ মিটার পর্যন্ত বিস্তৃত।
দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের মাধ্যমে স্থানীয়দের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্পটির চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৮,১২,৭৬,৯৪৭.৫৪ টাকা। কাজটি বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED), বরিশাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াদুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সদস্য ইশরত হোসেন কচি তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, আরিফুর রহমান শিমুল শিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক, উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহ, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খান, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপন, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, কেদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক ভিপি জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুত কাজ সম্পন্ন হলে সড়কটি এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
