নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার গৌরনদী প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র নিন্দা ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ০৯৬৩৮৫০৫৫৫৬ নম্বর মোবাইল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সাংবাদিক জহিরের ব্যবহৃত মোবাইল ফোনে কল করেন। এ সময় ওই ব্যক্তি নিজেকে প্রথম আলো-এর সম্পাদকসহ বিভিন্ন পরিচয়ে পরিচিত করার চেষ্টা করেন।
সাংবাদিক জহির তাকে সুনির্দিষ্ট পরিচয় দিতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং সরাসরি প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেলকে অবহিত করেন। পরে ওসি নম্বরটি ট্রুকলার অ্যাপে যাচাই করলে এসআই মেহেদী হাসান নামে পরিচিতি পাওয়া যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামকে।
তদন্ত কর্মকর্তা এসআই মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিক জহির দীর্ঘদিন ধরে এলাকার সাংবাদিকতা অঙ্গন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “এই মুহূর্তে আমার কোনো শত্রু আছে বলে মনে করি না। কে বা কারা, কী কারণে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিল, তা আমার বোধগম্য নয়।”
গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
