গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে ৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসিব হাসান (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) রাতে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার থানা রোডে সেন্ট যোসেফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসিব হাসান বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত মজিবর রহমান হাওলাদার এবং মাতা মাহামুদা বেগম। বর্তমানে তিনি গৌরনদী উপজেলার তিখাসার এলাকার ৫ নম্বর ওয়ার্ডে রহমান হাওলাদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, গৌরনদীতে মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। সহজলভ্যতা ও পর্যাপ্ত নজরদারির অভাবে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে তারা মনে করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান জোরদার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
