গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী-ধামুরা খালের আশোকাঠী বনবিভাগ সংলগ্ন এলাকা থেকে আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, আশোকাঠী গ্রামের বাসিন্দা ফিরোজ সরদারের ছেলে ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওয়ারিদ রহমান জয়সহ তিনজন কিশোর দুপুর আনুমানিক দেড়টার দিকে খালে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ভাসমান অবস্থায় নবজাতকটির মরদেহ দেখতে পায়। পরবর্তীতে একটি লাঠির সাহায্যে মরদেহটি খালের পাড়ে এনে স্থানীয়দের অবহিত করা হয়।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
