ঢাকা সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ধাওয়া খেয়ে ইয়াবা ট্যাবলেট গিলে অচেতন মাদক কারবারি

vorer angikar
এপ্রিল ১৩, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ধাওয়া খেয়ে ইয়াবা ট্যাবলেট গিলে সানোয়ার হোসেন (৩৫) নামের এক মাদক কারবারি অচেতন হয়ে পড়েছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
রোববার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গৌরনদী পৌরসভার নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে। সানোয়ার হোসেন মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তবে তিনি গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা যায়, নীলখোলা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় সানোয়ারকে থামার নির্দেশ দেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।
আটকের সময় তাঁর কাছে থাকা আনুমানিক ১০ থেকে ১২টি ইয়াবা ট্যাবলেট দ্রুত গিলে ফেলেন তিনি। এর ফলে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পুলিশ তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, তাঁর কাছ থেকে আরও কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার সুনির্দিষ্ট পরিমাণ যাচাই-বাছাই করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সরবত আলী বলেন, সানোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অচেতন অবস্থায় তাঁর চিকিৎসা চলছে এবং সুস্থ হওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।