নিউজ ডেস্ক: ঝালকাঠি জেলার রাজাপুর থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-৮, বরিশাল ও র্যাব-৪, মিরপুর। শনিবার (১১ এপ্রিল ২০২৬) ঢাকা জেলার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো: মাসুম সরদার (৩০), পিতা মো: আওয়াল সরদার, গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আদাখোলা এলাকায়।
র্যাব সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ দল সাভার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মামলার বিবরণে জানা যায়, গত ৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৫নং বড়ইয়া ইউনিয়নের আদাখোলা গ্রামে আলহাজ্ব হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে মো: মিলন হাওলাদার (২৫)-এর ওপর হামলা চালানো হয়। অভিযুক্তরা ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে তাকে গুরুতরভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৪, তারিখ: ৫ এপ্রিল ২০২৬)।
র্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায় এবং অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে র্যাব-৮-এর তৎপরতায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয় এবং পরবর্তীতে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে।
