গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে পৃথক দুইটি অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বড় কসবা এলাকায় খান বাড়ির সামনের সড়ক থেকে মো. স্বাধীন খান (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা খলিলুর রহমান খানের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ১৫টি হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মিঠুন মিয়া বাদী হয়ে ৯ এপ্রিল ২০২৬ তারিখে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার স্বাধীন খানের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
অন্যদিকে, একই দিনে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বিসমিল্লাহ গৌরনদী মিষ্টান্ন ভান্ডারের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে সুব্রত শীল (২২)কে গ্রেপ্তার করা হয়। তিনি গৌরনদী উপজেলার হরহর এলাকার মৃত মিন্টু চন্দ্র শীলের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাদী হয়ে একই থানায় আরেকটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, সুব্রত শীলের বিরুদ্ধেও পূর্বে দায়ের করা একাধিক মাদক মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
