নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের নীলখোলা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টরকী এলাকার নীলখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা প্রায় ২০ টন মাছের খাদ্যবোঝাই ট্রাকটি ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির সামনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
এদিকে, সেতুর রেলিং ভেঙে যাওয়ায় ব্রিজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা দ্রুত মেরামতের পাশাপাশি যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
