শাওন ইসলামঃ বরিশাল জেলার সদর ও বাবুগঞ্জ উপজেলায় ৫ বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি ও স্বাস্থ্যমান উন্নয়নের লক্ষ্যে এক বিশেষ সচেতনতা ও পক্ষসমর্থন সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ট্রান্সফরমিং লাইভস থ্রু নিউট্রিশন’ (Transforming Lives Through Nutrition) প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা সহজতর করার উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়।আন্তর্জাতিক সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনাল-এর সহায়তায় এবং স্থানীয় উন্নয়ন সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) প্রকল্পটি বাস্তবায়ন করছে।বরিশালের সিভিল সার্জন ডক্টর এস এম মনজুর-এ-এলাহী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সিভিল সার্জন তার উদ্বোধনী বক্তব্যে শিশুদের অপুষ্টি দূরীকরণে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ও বিশ্বব্যাপী শিশুদের পুষ্টি পরিস্থিতির ওপর বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের নিউট্রিশন অফিসার মোঃ আশরাফুল ইসলাম।উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা কীভাবে সকল তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুকে সুচিকিৎসার আওতায় আনা যায় এবং অপুষ্টি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও), শিশু বিভাগের সহকারী অধ্যাপক, বরিশাল সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মী, ইউনিসেফ-এর পুষ্টি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।সভার সমাপনী বক্তব্যে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর মলয় কৃষ্ণ বরল উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সম্মিলিত প্রচেষ্টায় অপুষ্টিমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
