নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে পেট্রোলবোঝাই একটি লরিতে হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চালকের দ্রুত ও বিচক্ষণ পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় একটি ফিলিং স্টেশন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম জানান, পদ্মা ডিপো থেকে আসা পেট্রোলবাহী লরিটি ফিলিং স্টেশনে প্রবেশের পরপরই আগুনের সূত্রপাত হয়।
পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে চালক তাৎক্ষণিকভাবে লরিটি স্টেশন এলাকা থেকে সরিয়ে গৌরনদী–আগৈলঝাড়া সড়কের মাঝামাঝি স্থানে নিয়ে যান। এতে আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়ানো সম্ভব হয়।
ঘটনার সময় ফিলিং স্টেশন ও আশপাশ এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ফিলিং স্টেশনে থামিয়ে রাখা একটি বাস, মাহিন্দ্র ও একটি মোটরসাইকেলসহ কিছু যানবাহন পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
