নিজস্ব প্রতিবেদকঃ মাদারীপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক ও পিকআপের মুখোমুআখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় বিসমিল্লাহ অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত অজয় কুমার হাওলাদার (৩৫) বরগুনার পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানা গ্রামের শৈলেন চন্দ্র হাওলাদারের ছেলে। তিনি পিকআপের চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল একটি ট্রাক। পথিমধ্যে সমাদ্দার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপার গুরুতর আহত হন।স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অজয় কুমার হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহত হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
