নিজস্ব প্রতিবেদকঃবরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের মজিদ হাওলাদার বাড়ি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী সেবা পাওয়ার কথা থাকলেও ক্লিনিকটি অধিকাংশ সময় বন্ধ থাকায় চিকিৎসা না পেয়েই ফিরে যেতে হচ্ছে সাধারণ রোগীদের।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, ক্লিনিকে দায়িত্বরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) ও অন্যান্য স্টাফরা চরম গাফিলতি করছেন। সপ্তাহে মাত্র তিন দিন ক্লিনিকটি খোলা হয়, তাও নির্দিষ্ট সময়ের অনেক পরে। অভিযোগ অনুযায়ী, স্টাফরা সকাল ১১টায় ক্লিনিকে আসেন এবং দুপুর ১টা বাজতেই তালা লাগিয়ে চলে যান। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে কোনো চিকিৎসা বা ওষুধ না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফেরেন।
ভুক্তভোগী রোগীরা জানান, ক্লিনিকটি কখন খোলে আর কখন বন্ধ হয় তার কোনো সঠিক সময় কেউ জানে না। অধিকাংশ দিনই এটি বন্ধ পাওয়া যায়। গ্রামের দরিদ্র মানুষের প্রাথমিক চিকিৎসার ভরসাস্থল এই ক্লিনিকটি এখন কার্যত অকেজো হয়ে পড়েছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অতি দ্রুত নিয়মিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে, কমিউনিটি ক্লিনিকের এই অব্যবস্থাপনা ও অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বরিশাল সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর এ এলাহী জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
