ঢাকা বুধবার , ২৫ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, দুই আসামি গ্রেফতার

vorer angikar
মার্চ ২৫, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলার তালতলী থানায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মার্চ ২০২৬ তারিখ চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফরহাদ পহলান (৩০) ও তার পিতা আঃ রব পহলান (৬০)। তারা বরগুনার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, বিয়ের পর থেকেই ভিকটিম আছিয়ার কাছে যৌতুক দাবি করে আসছিল তার স্বামী। ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং তিনটি গরু প্রদান করা হয়। এমনকি বিদেশে পাঠানোর জন্য আরও টাকা দেওয়া হলেও অভিযুক্ত দেশে ফিরে আবারও অতিরিক্ত অর্থ দাবি করে এবং ভিকটিমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে।
গত ৬ মার্চ রাত আনুমানিক ১২টার দিকে ভিকটিমের স্বামী ফোন করে তার পরিবারকে জানায়, আছিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের পিতা তার মেয়েকে ঘরের বারান্দায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল, যা হত্যার সন্দেহ জোরালো করে।
এ ঘটনায় ভিকটিমের পিতা তালতলী থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তরা পালিয়ে আত্মগোপনে গেলে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, হত্যাসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।