গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে ঢাকা–বরিশাল মহাসড়কের পাশ থেকে নাসির হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, মোবাইল ফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত উপজেলার কসবা এলাকায় দুধ মল্লিক পীরের মাজারের সামনে পৌঁছে মহাসড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ লাশের দায়িত্ব নেয়।
ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধারকালে মৃত ব্যক্তির সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত হয়।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাসেল জানান, নিহত নাসির হাওলাদার পেশায় একজন ট্রান্সপোর্ট ব্যবসায়ী। তার পিতার নাম মো. বশির উদ্দিন হাওলাদার। তিনি বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর কাশিপুর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা।ওসি আরও জানান, নিহতের ছোট ভাই মো. হুমায়ুন কবির হাওলাদারের বরাতে জানা গেছে, নাসির হাওলাদার দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। তবে তিনি কী কারণে ওই সময় কসবা এলাকায় এসেছিলেন, সে বিষয়ে পরিবারের কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
