ঢাকা শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ছিনতাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট।

vorer angikar
জানুয়ারি ২৩, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার জেরে গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এতে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২১ জানুয়ারি) রাতে উত্তর পালরদী এলাকার মো. মিজানুর রহমান (নিজাম)-এর শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে যান সাংবাদিক সোলায়মান তুহিন ও কসবা এলাকার মো. বাবু মৃধা। দাওয়াত শেষে মোটরসাইকেলে করে ফেরার পথে পৌর এলাকার লাখেরাজকসবা (কাসারু বাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে ইমরান মোল্লা (৩৫), কামাল সরদার (৩৫) ও রাশেদের নেতৃত্বে আরও ২–৩ জন তাঁদের গতিরোধ করে। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি মারধর করে তাঁদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়।এ ঘটনায় ওই রাতেই মো. মিজানুর রহমান (নিজাম) বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ দেওয়ার বিষয়টি জানতে পেরে পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ইমরান মোল্লা, কামাল সরদার ও রাশেদের নেতৃত্বে ১০–১৫ জন সন্ত্রাসী মদিনা স্ট্যান্ড এলাকায় অবস্থিত সাংবাদিক সোলায়মান তুহিনের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা দোকানের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ২৫ হাজার ৭৬৫ টাকা লুট করে নেয়। এতে আরও প্রায় ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।
ঘটনার পরপরই থানা পুলিশকে জানানো হলে এসআই মিটুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দেওয়ায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ছিনতাই একটি গুরুতর অপরাধ। সেই অপরাধের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ায় একজন সাংবাদিককে লক্ষ্য করে হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তিনি দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।