নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলাতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইব্রাহিম।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করতে জনপ্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফকরুল ইসলাম, গৌরনদী সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মো. সাইফ এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।এ ছাড়া উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াসউদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সদস্য সাংবাদিক সোলায়মান তুহিন, মো. নাঈম ও মো. নাসির উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা।সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন।অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. তাসলিমা বেগম ও সমবায় কর্মকর্তা আফসানা শাখি।
