ঢাকা বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে শীতকালীন ক্রীড়ায় উৎসবের আমেজ।

vorer angikar
জানুয়ারি ৮, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫৪তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা শেখে। তিনি নিয়মিতভাবে এ ধরনের আয়োজনের ওপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটায়। সুস্থ ও মানবিক মানুষ গড়ে তুলতে ক্রীড়ার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান এবং আল হেলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শাহাদাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
দিনব্যাপী দৌড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যম দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দের হাসি। শিক্ষক ও অভিভাবকেরা এমন সফল আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।