বাবুগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সমঝোতা না হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে এককভাবে নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম।
২৯ ডিসেম্বর সোমবার বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,৮ দলীয় সমঝোতা চুড়ান্ত পর্যায়ে তবে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা আসেনি কিন্তু কোন প্রার্থী নিজেকে ৮ দলের প্রার্থী হিসেবে প্রচার বা ঘোষণা করলে সেটা ভিত্তিহীন বা মনগড়া ছাড়া কিছুই না। আসন বন্টন চূড়ান্ত হলে কেন্দ্র থেকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কোন অদৃশ্য কারণে সমঝোতা ব্যঘাত সৃষ্টি হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে সারা দেশে নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন সেই মর্মে ৩০০ মনোনয়ন ফর্ম দাখিল করা হয়েছে।
এর আগে উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে মুলাদী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
