অনলাইন ডেস্ক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে দেশের ২৭২টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (২৯ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ ও ৬ আসনে, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩ আসনে, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪ আসনে এবং মহাসচিব মাওলানা ইউনুস আহমদ ঢাকা-১ ও ৪ আসনে মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫ আসনে, সিনিয়র যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২ আসনে এবং অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সিগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪ এবং সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বাধীন জোটের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও অব্যাহত রয়েছে। সমঝোতার আলোকে প্রয়োজন হলে পরবর্তী সময়ে প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে
