বাবুগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল-৩ (১২১) নির্বাচনী এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য জয়নুল আবেদীন–কে দলীয় মনোনয়ন প্রদান করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র গ্রহণ করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের প্রার্থী জয়নুল আবেদীন। একই দিনে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বরিশাল-৩ আসনের জন্য ধানের শীষ প্রতীক গ্রহণ করেন।
মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, জয়নুল আবেদীন বিএনপির আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে বরিশাল-৩ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এর আগে গত ৪ ডিসেম্বর বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বরিশাল-৩ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
উল্লেখ্য, এর আগে ৩ নভেম্বর (বুধবার) বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করলেও বরিশাল-৩ আসনের প্রার্থীর নাম সে সময় ঘোষণা করা হয়নি। পরে আলাদাভাবে এ আসনের প্রার্থীর নাম জানানো হবে বলে জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, জয়নুল আবেদীন দল ও সাধারণ মানুষের ব্যাপক সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে অংশগ্রহণ করবেন, যা বরিশাল-৩ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
