এস এম শাহ আলমঃ হিজলা উপজেলায় অভিযান চালিয়ে বড়জালিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. ফারুক বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কথিত নীল নকশার অংশ হিসেবে দেশের বর্তমান স্থিতিশীলতা নষ্ট ও হিজলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নাশকতামূলক হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থান নেয় এবং অভিযান শুরু করে।
শনিবার (২০/১২/২০২৫ তারিখ) উপজেলার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা রোধে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। এসময় হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বড়জালিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. ফারুক বেপারীকে গ্রেফতার করা হয়।
হিজলা থানা পুলিশ জানায়, আটককৃত ফারুক বেপারী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক ও ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতা রোধে ‘ডেভিল হান্ট’ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
