ঢাকা বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-আগুন, মহাসড়কে গাছ ফেলে যুবলীগের বিক্ষোভ

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

​নিজস্ব প্রতিবেদকঃবরিশাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশালের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে নগরের বটতলা (আশ্রাব সড়ক) এলাকায় অবস্থিত তাঁর বহুতল বাসভবনে এ ঘটনা ঘটে। অন্যদিকে, আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির সমর্থনে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতা-কর্মীরা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সোয়া দুইটার দিকে একদল দুর্বৃত্ত নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভবনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে। একপর্যায়ে তারা ভবনের নিচতলায় পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ছাত্রদলের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

​এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, নানকের বাসভবনের সামনে একদল লোকের জটলা দেখে টহল পুলিশ সেখানে যায়। এর আগেই দুর্বৃত্তরা ভবনে ইটপাটকেল নিক্ষেপ ও নিচতলায় আগুন দেওয়ার চেষ্টা করে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমীন জানান, অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসকে কেউ খবর দেয়নি।

​এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আজকের (১৯ নভেম্বর) লকডাউন কর্মসূচি সফল করতে গতকাল বুধবার দিবাগত রাতে বরিশাল-ঢাকা ও বরিশাল-খুলনা মহাসড়কে পৃথক ঝটিকা মিছিল করেছে মহানগর যুবলীগ। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ শামসুদ্দোহা আবিদ তাঁর ফেসবুক পেজে ৩৯ ও ৫৬ সেকেন্ডের দুটি ভিডিও শেয়ার করে এ তথ্য জানান।

​ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা একদল নেতা-কর্মী মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিক্ষোভ করছেন। মিছিল থেকে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার স্লোগান দেওয়া হয়। ভিডিওর সূত্র ধরে নগরের গড়িয়ার পাড় এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ভোররাতের দিকে মহাসড়কে কয়েক মুহূর্তের জন্য মিছিলের শব্দ শোনা গেলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

​মহাসড়কে প্রতিবন্ধকতার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রোপলিটন এলাকার আওতাধীন মহাসড়কের কোথাও যান চলাচলে প্রতিবন্ধকতার কোনো তথ্য তাদের কাছে নেই।

​অন্যদিকে, ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাতভর বরিশাল নগর ও আশপাশের সড়ক-মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীদের সরব অবস্থান ও দফায় দফায় মহড়া দিতে দেখা গেছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। গতকাল বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ, মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের পারিবারিক ফিলিং স্টেশনে হামলা এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে লকডাউনবিরোধী অবস্থানে রয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।