নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলায় সর্বোচ্চ সতর্কতা ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৮, সিপিসি-১। ঈদযাত্রা নির্বিঘ্ন ও পশুর হাটে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ পশুর হাট, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও মহাসড়কে জোরদার করা হয়েছে র্যাবের টহল ও নজরদারি।
র্যাব সূত্রে জানা গেছে, বৃহত্তর পশুর হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণের অত্যাধুনিক মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পোশাকধারী ও সাদাপোশাকে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন পশুর হাটে আভিযানিক দল মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে ক্রেতা-বিক্রেতারা নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারেন।
এছাড়া কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে র্যাব-৮। মহাসড়ক, ফেরিঘাট ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।
ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে না পড়েন সেজন্য বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে জেলার বিভিন্ন মার্কেট, বিপণিবিতান ও ঈদগাহ এলাকায় সাদা পোশাকে র্যাবের গোয়েন্দা কার্যক্রমও বাড়ানো হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১ জানিয়েছে, ঈদ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
