নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বাজারে লাইসেন্সবিহীনভাবে অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। অভিযানে বিপুল পরিমাণ পেট্রোল, অকটেন ও ডিজেল জব্দ করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরী থেকে এনএসআই সদস্যরা জ্বালানি ভর্তি একটি পিকআপ ভ্যানকে অনুসরণ করে সরিকল এলাকায় পৌঁছান। পরে পিকআপ থেকে অবৈধভাবে তেল নামানোর সময় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সরিকল বন্দরের আব্দুর রহমানের একটি গোডাউন থেকে ১৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তেলের মধ্যে ছিল প্রায় ২ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬০০ লিটার অকটেন এবং ২০০ লিটার পেট্রোল—মোট প্রায় ৩,২০০ লিটার জ্বালানি।
পরে জব্দকৃত তেল এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে অতিরিক্ত মূল্যে বিক্রি ও অবৈধ মজুদের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য বাজার কমিটির দায়িত্বে হস্তান্তর করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
