বাবুগঞ্জ সংবাদদাতা : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশালের বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোস্তাফিজুর রহমান টুলু সভাপতি এবং মোঃ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাবুগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলে।
নির্বাচন ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান খান এবং মোস্তাফিজুর রহমান টুলু। এর মধ্যে মোস্তাফিজুর রহমান টুলু ১২ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহজাহান খান পান ৯ ভোট।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। শফিকুল ইসলাম ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৯ ভোট।
ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। উপস্থিত সাংবাদিকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই কমিটির নেতৃত্বে বাবুগঞ্জ উপজেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংবাদিকদের ঐক্য আরও সুদৃঢ় হবে।
