বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :বরিশালের বাবুগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে। মামলা নম্বর ৪। ঘটনার পর থেকেই প্রধান অভিযুক্ত সিফাত সিকদার পলাতক রয়েছে।
নিহত রাইসা আক্তার (১০) উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের দিনমজুর নজরুল ইসলামের মেয়ে। মর্মান্তিক এ ঘটনায় রাকুদিয়া গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা যায়, রোববার (১৫ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে বখাটে সিফাত সিকদার। এ সময় সে রাইসাকে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে সিফাত তার শরীরে আগুন ধরিয়ে দেয়। রাইসার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত সাড়ে ১১টার দিকে রাইসা আক্তারের মৃত্যু হয়। পরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে জানাজা শেষে তার মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের বাবা নজরুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এহতেশামুল হক জানান, কিশোরী হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
